‘বিশ্বাসীবর্গের প্রার্থনা সংকলন’ বইয়ের উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

ঢাকা আর্চবিশপ হাউজে অনুষ্ঠিত যাজকদের এক সমাবেশে ফাদার উজ্জ্বল লিনুস রোজারিও সিএসসি সম্পাদিত রবিবাসরীয় ও বিশেষ দিবসে বিশ্বাসীবর্গের প্রার্থনা সংকলন বইয়ের উদ্বোধন করা হয়েছে। গত ১২ মে ২০২৬ খ্রিস্টাব্দে ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে সহকারী বিশপ সুব্রত গমেজসহ ঢাকা মহাধর্মপ্রদেশে কর্মরত বিভিন্ন যাজক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফাদার উজ্জ্বল লিনুস রোজারিও সিএসসি বলেন, “বিশ্বাসীবর্গের এই প্রার্থনা বইটি গ্রামের প্রার্থনা পরিচালক ও কাটেখিস্টদের জন্য বিশেষ সহায়ক হবে। প্রতি রবিবার কিংবা যে কোনো পর্বদিনে খ্রিস্টযাগ বা গ্রামীণ প্রার্থনা অনুষ্ঠানে উদ্দেশ্য প্রার্থনা পরিচালনায় এটি কার্যকর ভূমিকা রাখবে।”

তিনি জানান, বাংলাদেশ কাথলিক মণ্ডলীর উপাসনা পরিষদ প্রকাশিত পূজনবর্ষ ক, খ ও গ-এর উপাসনা সহায়ক গ্রন্থসমূহ এবং পবিত্র ক্রুশ যাজক সংঘ প্রকাশিত ফাদার আলবার্ট আরিলো রচিত Prayer of the Faithful গ্রন্থের বাংলা অনুবাদ দৈনন্দিন খ্রিস্টযাগের জন্য উদ্দেশ্য প্রার্থনাসমূহ থেকে প্রার্থনাগুলো সংগ্রহ করে সংকলনটি প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি নতুন কিছু উদ্দেশ্য প্রার্থনাও এতে সংযোজন করা হয়েছে।

বই প্রকাশে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বিশ্বাসীদের আধ্যাত্মিক জীবন আরও সমৃদ্ধ করতে সহায়তা করবে।

ফাদার উজ্জ্বল লিনুস রোজারিও সিএসসি পবিত্র ক্রুশ সংঘের একজন ধর্মযাজক। তিনি ২৮ জুলাই ১৯৭২ সালে সাভারের ধরেন্ডা মিশনে জন্মগ্রহণ করেন এবং ২৮ ডিসেম্বর ২০০৫ সালে যাজকীয় অভিষেক লাভ করেন। বর্তমানে তিনি লক্ষ্মীবাজার পবিত্র ক্রুশ ধর্মপল্লীর পাল পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছেন।

রবিবাসরীয় ও বিশেষ দিবসে বিশ্বাসীবর্গের প্রার্থনা সংকলন বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এ ছাড়া পুণ্য উপাসনায় ব্যবহৃত উপকরণসম্বলিত একটি পোস্টার প্রকাশ করা হয়েছে, যার মূল্য ৫০ টাকা। বই ও পোস্টার সাপ্তাহিক প্রতিবেশী পত্রিকার স্টলে পাওয়া যাবে। আগ্রহীরা ০১৮৪২৭৬৩৯৬৫ এই নম্বরে যোগাযোগ করেও সংগ্রহ করতে পারবেন। সূত্র:  আরভিএ

image

আপনার মতামত দিন